সরকার ও বোয়িং চুক্তি স্বাক্ষর - স্বাগত যুক্তরাষ্ট্রের


ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ।
এ নিয়ে বাংলাদেশ সরকার ও বোয়িং কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউ ইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, ‘দেশের চাহিদা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এগোচ্ছে সরকার। এর মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাত আরও সমৃদ্ধ হবে।’
প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ তৈরি হয়েছে বলেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
নতুন এই ক্রয়াদেশে পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার ও ছয়টি ৭৩৭-৮ উড়োজাহাজ রয়েছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে ৩৭০ কোটি ডলারে বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান, যা সংস্থাটির ইতিহাসে উড়োজাহাজ কেনার সবচেয়ে বড় ক্রয়াদেশ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
স্বাগত যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হতে যাওয়ায় তিনি উভয় পক্ষকে অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্বের সেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তির জন্য বোয়িং ও বিমানকে অভিনন্দন।’
মার্কিন রাষ্ট্রদূত এ ঘটনাকে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য আরেকটি উভয়পক্ষের জয়’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সঙ্গে একই সময়ে অনুষ্ঠেয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন।
বিমান কর্মকর্তারা জানান, গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে স্বাক্ষরিত ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির আওতায় ১৪টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার অতিরিক্ত হিসেবে নতুন ১১টি উড়োজাহাজ কেনা হবে। এর ফলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়াবে ২৫টিতে।
তবে অতিরিক্ত ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়নের শর্ত এবং সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে, বিমান আরও ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার পৃথক একটি প্রস্তাবও বিবেচনা করছে।










